নারায়ণগঞ্জে মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ এক শিক্ষার্থীর মৃত্যু

মাহেলা খাতুন বালিকা মাদরাসা। ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের ফতুল্লার মাহেলা খাতুন বালিকা মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ আতিয়া (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
বিষয়টি জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার।
তিনি জানান, আতিয়ার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত শনিবার বিকাল ৫টার দিকে কাশিপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকার ওই মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হন পাঁচ শিক্ষার্থী।
চিকিৎসক মাহমুদ জানিয়েছেন, তাদের মধ্যে লামিয়ার (১৩) শরীরের ৫৫ শতাংশ ও জিদনীর (১৪) ৮২ শতাংশ দগ্ধ হয়েছে। তারা আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। সুমাইয়া (১৩) ও আছিয়া (১২) যথাক্রমে তাদের শরীরের ১৩ শতাংশ ও ৭ শতাংশ দগ্ধ অবস্থায় এখানে ভর্তি রয়েছে।
ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, শিক্ষার্থীরা মাদরাসার ৪ তলা ভবনের ছাদে খেলতে যায়। তাদের সঙ্গে খাওয়ার জন্য আখ ছিল। ছাদের ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তার গেছে। আখ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিকট শব্দে ঝলকানি হয় ও আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হয়।
শুরুতে দগ্ধদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।




