নারায়ণগঞ্জে মহিলা মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫ শিক্ষার্থী

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে একটি মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে হাজিপাড়া মাহেলা খাতুন বালিকা মাদ্রাসার ছাদে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শিক্ষার্থীরা হলো- মাদ্রাসার রিদ্মি, লামিয়া, আতিয়া, সুমাইয়া, আছিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীরা দগ্ধ হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানাতে পারব।
মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার মাদ্রাসার ছাদে খেলতে ওঠে শিক্ষার্থীরা। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে ৫ শিক্ষার্থী দগ্ধ হয়।
মাদ্রাসার এক শিক্ষিকা জানান, ক্লাস ছুটির পর বাচ্চারা ছাদে খেলতে যায়। এ সময় তাদের চিৎকারে ছুটে গিয়ে দগ্ধ অবস্থায় পাই। কীভাবে ঘটনাটি ঘটেছে তা বলতে পারছি না। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, দগ্ধদের মুখোমণ্ডল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




