কক্সবাজারে বারে সংঘর্ষের ঘটনায় আরেক যুবকের মৃত্যু

সংগৃহীত ছবি
কক্সবাজারের একটি হোটেলের মদের বারে সংঘর্ষের ঘটনায় আহত আরেক যুবক মারা গেছেন। পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টার দিকে মারা যান তিনি।
নিহত সোলাইমান সালমান কক্সবাজার শহরের বিডিআর ক্যাম্প এলাকার বাসিন্দা। সদর থানার ওসি মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলের মদের বারে সংঘর্ষে নাজিবুল হক রাশেদ (২৮) নামে এক যুবক নিহত হন। রাশেদ শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা এবং ফিশারিঘাট এলাকায় ব্যবসা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ আলী বলেছেন, ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান জানিয়েছেন, রেনেসাঁ হোটেলের বারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
তিনি বলেছেন, কীভাবে ঘটনার সূত্রপাত এবং সংঘর্ষে কারা জড়িত ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে আলামত সংগ্রহ ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রেনেসাঁ হোটেলের বারটি বন্ধ রাখা হয়েছে। ঘটনার সময় বারের নিরাপত্তাব্যবস্থা ও প্রবেশ নিয়ন্ত্রণে কোনো ঘাটতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
রেনেসাঁ হোটেলের বারটিতে অনুমোদনহীন ব্যক্তিদের কাছে মদ বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।







