গাংনী
স্কুল ফিডিংয়ের গাড়িচাপায় শিক্ষার্থীর মৃত্যু

ছবি: আগামীর সময়
মেহেরপুরের গাংনীর রামনগর গ্রামে স্কুল ফিডিং কার্যক্রমে ব্যবহৃত গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমির হামজা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হামজা রামনগর গ্রামের বাজারপাড়ার আব্দুল হাকিমের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ গাড়িটি রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাবার দিয়ে ফিরে যায়। এ সময় আমির হামজা পেছনের বাম্পার ধরে গাড়ির ছাদে ওঠার চেষ্টা করে। পরে ঝাঁকুনি লাগলে সে নিচে পড়ে গাড়ি চাপায় আহতও হয়।
স্থানীয়রা তাকে দ্রুত বামন্দীর ফজলুর ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বামন্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ্ আলম জানান, গাড়ির পেছনে ছেলেটি খেলতে ওঠার সময় হঠাৎ ঝাঁকুনিতে নিচে পড়ে যায়। এতে চাকার নিচে পিষ্ট হলে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।






