তালায় সড়ক দুর্ঘটনায় হতাহত ৮ জনের পরিবার পাচ্ছেন ৩৮ লাখ টাকা

গত ছয় মাসে সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের পরিবার এবং দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী একজনের জন্য মোট ৩৮ লাখ টাকা সরকারি ক্ষতিপূরণ অনুমোদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে বিআরটিএর স্থায়ী অনুসন্ধান কমিটির সভা হয়। এ সময় আবেদনগুলো যাচাই-বাছাই শেষে ক্ষতিপূরণের অর্থ অনুমোদন দেওয়া হয়। অনুমোদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাঁচ লাখ টাকা এবং পঙ্গুত্ববরণকারী ব্যক্তি তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবেন।
সভায় কমিটির সদস্যসচিব ও বিআরটিএর সাতক্ষীরা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, তালা থানার ওসি মো. আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি আরএমও ডা. মো. ফয়সাল সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার প্রভাষক কুমার দাস এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।
অনুমোদিত তালিকায় রয়েছেন- তালার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মেহেদী হাসান (১৫)। তিনি গত ২৬ মে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে তিনি নিহত হন। এ ছাড়া পাটকেলঘাটা ব্রিজে মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে নিহত মেহেদী হাসান সবুজ (৩০), সাহাপুর বাজারের পশ্চিমে বাস ও মোটরভ্যানের সংঘর্ষে নিহত ডুমুরিয়ার বেতগ্রামের হারুণ অর রশিদ (৩৮), শাকদহা এলাকায় পরিবহনের সঙ্গে সংঘর্ষে নিহত মাজেদ গাজী (৬৩), সাহাপুর বাজারে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে নিহত স্কুলছাত্র কুশল সরকার (১৩), শাকদহা এলাকায় বাসের ধাক্কায় নিহত আনন্দ দাস (৫৭) এবং কুমিরা বাজার মোড়ে মোটরসাইকেলের আঘাতে নিহত জয়দেব সরকারের (৫৫) পরিবার ক্ষতিপূরণ পাবেন।
অন্যদিকে, ডুমুরিয়ার কাকুড়পাড়া গ্রামের আব্দুস সাত্তার (৪০) গত ৯ জুলাই তালার সাহাপুর বাজারে মোটরচালিত ভ্যান ও পরিবহনের সংঘর্ষে গুরুতর আহত হন। ওই দুর্ঘটনায় তার বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার ক্ষতিপূরণের আবেদনও অনুমোদন পেয়েছে।
কমিটির সদস্যসচিব ও বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক জানান, অনুমোদিত আবেদন অনুযায়ী, নিহত ব্যক্তিদের পরিবার পাঁচ লাখ টাকা করে এবং পঙ্গুত্ববরণকারী ব্যক্তি তিন লাখ টাকা সরকারি আর্থিক ক্ষতিপূরণ পাবেন। আবেদন সাপেক্ষে পর্যায়ক্রমে প্রত্যেক ভুক্তভোগী পরিবারকে অনুদানের আওতায় আনা হবে।




