গোপালগঞ্জ
লিচু চাষে দুই ভাইয়ের সাফল্য, লাখ টাকা লাভের আশা

ছবি: আগামীর সময়
গোপালগঞ্জে বাণিজ্যিকভাবে লিচু চাষ করে সফল হয়েছেন দুই ভাই। সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের প্রবীর বাগচী ও অপূর্ব বাগচী আগাম জাতের লিচু বিক্রি করে ইতোমধ্যেই পাচ্ছেন ভালো দাম। সব মিলিয়ে এবার তাদের লাখ টাকা লাভের আশা।
পাঁচ বছর আগে ইউটিউব দেখে এক বিঘা জমিতে লিচুর বাগান গড়ে তোলেন তারা। গোপালগঞ্জ নিম্নাঞ্চল হওয়ায় এ জেলায় সাধারণত ব্যাপকভাবে লিচু চাষ হয় না। তবুও নতুন উদ্যোগ হিসেবে দিনাজপুর থেকে বোম্বাই এবং পাবনা থেকে মোজাফফর জাতের ৫০টি চারা সংগ্রহ করে আবাদ শুরু করেন দুই ভাই।
এর মধ্যে বোম্বাই জাতের ২১টি এবং মোজাফফর জাতের ৫টি গাছ ভালোভাবে বেড়ে ওঠে। বর্তমানে গাছগুলোতে থোকায় থোকায় লিচু ধরেছে। আগাম জাত হওয়ায় বাজারেও মিলছে ভালো দাম।
প্রবীর বাগচী ও অপূর্ব বাগচী জানিয়েছেন, বাগান করতে তাদের খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। বর্তমানে প্রতি ১০০টি লিচু বিক্রি করছেন ৫০০ টাকা দরে। ইতোমধ্যে লিচু বিক্রি হয়েছে প্রায় ৫০ হাজার টাকার। বাগানে থাকা বাকি লিচু বিক্রি করলে আরও প্রায় ৭০ হাজার টাকা আয় হবে বলে আশা করছেন তারা।
লিচু সংগ্রহ, গোনা ও আঁটি বাঁধার কাজে সহযোগিতা করছেন পরিবারের সদস্যরাও। সরাসরি বাগানে এসে লিচু কিনে গোপালগঞ্জ ও মাদারীপুরের বিভিন্ন বাজারে বিক্রি করছেন পাইকাররা।
স্থানীয়দের অনেকেই ফরমালিন ও কীটনাশকমুক্ত এসব লিচু কিনতে আসছেন বাগানে। কেউ কেউ আবার বাগান ঘুরে দেখে আগ্রহ প্রকাশ করছেন লিচু চাষে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মামুনুর রহমান জানিয়েছেন, জেলায় লিচু চাষ সম্প্রসারণে কৃষকদের করা হচ্ছে সার্বিক সহযোগিতা। এ বছর গোপালগঞ্জে প্রায় ৫০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।




