কলাপাড়া
নানা বাড়ি বেড়াতে এসে বাসচাপায় মৃত্যু শিশুর
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

নিহত মাহির হোসেন
পটুয়াখালীর কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মাহির হোসেন (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজিপুর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহির উপজেলার দক্ষিণ মুসুল্লিয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। সে দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লে শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, দুই দিন আগে বাবা-মায়ের সঙ্গে মাহির তার নানা ওহিদ শিকদারের বাড়ি বেড়াতে আসে। সোমবার দুপুরে নানার সঙ্গে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মাহির। পরে হাজিপুর এলাকায় মহাসড়কের পাশে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটি জব্দ করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




