গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ১৩ কারখানা বন্ধ, ৫টিতে ছুটি

সংগৃহীত ছবি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ ছাড়া আজ রবিবারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের আন্দোলন, ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া রবিবারের জন্য পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে কালিয়াকৈরের চন্দ্রা-পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট ও এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।
কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকায় অবস্থিত ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটিতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। শনিবার কারখানা কর্তৃপক্ষের জারি করা এক নোটিসে রবিবার থেকে সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।
নোটিসে বলা হয়, ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের কারণে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে স্পষ্টভাবে জানানোর পরও বহিরাগতদের উসকানিতে অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালান। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হন।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে আজ সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
অন্যদিকে, সকাল নয়টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা হাইড্রো অক্সাইড কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সুপার মো. আমজাদ হোসেন আরও জানিয়েছেন, শ্রমিকেরা সকালে পৃথক একটি স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা তা করতে পারেননি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছেন।




