কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাতের কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি: আগামীর সময়
গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে চলা বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়ছে।
এর মধ্যেই আজ রবিবার সকালেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে। অন্যদিকে চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস ও ফুটপাতের কয়েকটি দোকানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মসংস্থান ও সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আজ সকালে কাজে যোগ দিতে এসে সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস দেখতে পান শ্রমিকরা। বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স ও ডিভাইন রয়েছে। এ ছাড়া সফিপুর ও রতনপুর এলাকার কয়েকটি কারখানাও বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে করণী ফ্যাশনস লিমিটেড ও করণী নিট কম্পোজিট লিমিটেডের নাম আছে।
কারখানা বন্ধের নোটিস দেখে কাজে যোগ দিতে আসা অনেক শ্রমিক ফিরে যান। কেউ কেউ দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন হাজারো শ্রমিক।
কারখানা বন্ধের মধ্যেও শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত আছে। আজ সকালে মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়কে অবস্থান নেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে এলেও এর কোনো কার্যকর সমাধান হয়নি। এর মধ্যে কারখানা বন্ধ ঘোষণা করায় কর্মসংস্থান ও পরিবারের ভরণপোষণ নিয়ে তারা উদ্বিগ্ন।
শ্রমিকদের দাবি, কারখানা চালু রাখা, বেতন বৃদ্ধি এবং স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
এর আগে গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভ মৌচাক ও সফিপুর এলাকাতেও ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এদিকে চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, দুর্বৃত্তরা সেখানে একটি বাসে আগুন দিয়েছে। পাশাপাশি ফুটপাতের কয়েকটি দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শ্রমিক অসন্তোষের মধ্যে এসব ঘটনায় শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের বিষয়টি শিল্প পুলিশ পর্যবেক্ষণ করছে। আজও কয়েকটি কারখানার শ্রমিক হঠাৎ সড়কে নেমে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি বিবেচনায় কিছু কারখানা কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছে। তবে বন্ধ হওয়া সব কারখানার নোটিস এখনো শিল্প পুলিশের হাতে পৌঁছায়নি। নোটিসগুলো পাওয়ার পর কোন কোন কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে বলেও জানান তিনি।




