বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, খবর শুনে মারা গেলেন বাবাও

ছেলে মাসুক আহমেদ। সংগৃহীত ছবি
সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেছেন বাবাও। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মাসুক আহমেদ (৩৮)। পরে তার মৃত্যু হয়। তিনি শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ের কর্মচারী ছিলেন।
মাসুকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তাঁর বাবা আব্দুল লতিফ (৬৭) অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে সামলানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্বজনরা জানান, সম্প্রতি সময়ে মাসুকের বিয়ে হয়েছিল। নতুন সংসার নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন তিনি। ছেলের আকস্মিক মৃত্যুর শোক সইতে না পেরে বাবারও মৃত্যু হওয়ায় পরিবারটির ওপর নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। স্বজনদের কান্নায় সেখানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
ওসি বলেছেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। মাসুকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আবেদন বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফনের ব্যবস্থা করা হবে।’








