ভিডিও ইথিওপিয়ার, দাবি করা হচ্ছে সিলেট সীমান্তে গোলাগুলির

ছবি: আগামীর সময়
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, সিলেটে বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবির গুলিতে ১২০ জন ভারতীয় নিহত হয়েছেন। তবে যাচাই করে দেখা যাচ্ছে, ভিডিওটি ইথিওপিওয়ার সামরিক বাহিনীর সঙ্গে মিলিশিয়া বাহিনীর সংঘর্ষের।
কী আছে ভিডিওতে?
গতকাল শনিবার থেকে বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে ২৩ সেকেন্ডের ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটিতে পাহাড়ি এলাকায় দুইদল সশস্ত্র ব্যক্তির মধ্যে গোলাগুলির দৃশ্য দেখা যায়।
ভিডিওর ক্যাপশনে লেখা- ‘সিলেট বর্ডারে ভারতের ১২০ জনকে গুলি করে বাংলাদেশ বিজিবি, এ নিয়ে সিলেট বর্ডারে তোলপাড়।’
ফেসবুকে ‘Defence 71 BD’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আজ রবিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৮২ বার শেয়ার হয় ভিডিওটি, পোস্টে প্রায় সাড়ে ৬ হাজার প্রতিক্রিয়া পড়েছে।
আরও কিছু পেজ ও আইডি থেকেও একই ক্যাপশনে ভিডিওটি ছড়াতে দেখা যায়।
আসল ঘটনা কী?
রিভার্স ইমেজ সার্চে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ইথিওপিয়ান ব্যবহারকারীদের প্রোফাইলে ভিডিওটি পাওয়া যায়।
‘Dhiiroo Garbii’ নামের এক্স একাউন্টে গত ১১ জুন একটি ভিডিও পাওয়া যায়। তার সঙ্গে এখন ছড়ানো ভিডিওর হুবহু মিল পাওয়া যায়।
ভিডিওটিতে বলা হচ্ছে, ইথিওপিয়ার ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (RIB) সদস্যরা সরকারবিরোধী নেতা জাওয়ার মোহাম্মদের মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
তবে ভিডিওটির মূল সূত্র বা কোথায় ও কখন ঘটনাটি ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না।
তবে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে, এটি সিলেটে বাংলাদেশ-ভারত সীমান্তে গোলাগুলির কোনো ঘটনা নয়।
এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে এমন গোলাগুলি কিংবা সংঘর্ষের তথ্য নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।









