নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণ, নিহত ১

নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত হয়েছেন শফি আলম (৩০) নামে এক যুবক।
বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকার কাশেম রাজার ঢালার মুখসংলগ্ন একটি কলাবাগানে হাঁটার সময় ঘটে এ বিস্ফোরণের ঘটনা। এতে শফি আলমের ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্তের ৪১ নম্বর মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তিনি কাজ করার সময় হঠাৎ স্থলমাইন বিস্ফোরণ ঘটে। পরে বিজিবির নির্মাণকাজে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে কুতুপালংয়ে এমএসএফ হাসপাতালে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, ঘটনার বিষয়ে তারা অবগত ছিলেন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পাওয়া যায়।




