জীবননগর
গাছে ধাক্কা দিয়ে ছিটকে খাদে পড়ে মোটরসাইকেলচালক নিহত

রাসেল হোসেন। সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গার জীবননগরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পার্কের পাশের খাদে পড়ে রাসেল হোসেন (২০) নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সন্তোসপুর ইকো পার্কের পাশে এই ঘটনা ঘটে।
নিহত রাসেল উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসা পাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, আজ বুধবার ভোরে কয়েকজন কৃষক কাজে যাওয়ার সময় সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে সন্তোসপুর ইকো পার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহটির পাশে একটি নীল রঙের আরটিআর মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে থাকতে দেখেন তারা। পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে খেঁজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের।
নিহত রাসেলের বাবা ইলিয়াস হোসেন বললেন, ‘আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করে। গতকাল রাত ৮ টার দিকে সন্তোষপুর পাম্প থেকে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়। তার পর আর বাড়ি ফেরেনি। সারারাত তার মোবাইল ফোনে কল করা হয়েছে। কিন্তু সে ফোন রিসিভ করেনি।পরে আজ ভোরে খবর পেলাম সে এক্সিডেন্ট করেছে। ঘটনাস্থলে এসে দেখি আমার ছেলে মারা গেছে।’
ওসি সোলায়মান জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।




