ব্রাহ্মণবাড়িয়া
কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে সোমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন।
আজ সোমবার সকালে উপজেলার আলীয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোমাইয়া মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের রুয়াচালা গ্রামের আমির হোসাইনের মেয়ে। তিনি নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। ব্যবসায়িক কারণে নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন আমির হোসাইন।
স্থানীয়দের বরাতে নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, সকালে সোমাইয়া রসুল্লাবাদ থেকে অটোরিকশায় করে নবীনগর সরকারি কলেজের উদ্দেশ্যে রওয়ানা হন। আলীয়াবাদ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে উল্টা দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাতে থাকা ৩ জন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় সোমাইয়াকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা রাজীব জানিয়েছেন, নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনী ব্যবস্থা নেওয়া হবে।




