প্রবাসী কল্যাণ মন্ত্রী
শুধু সভা নয়, কাজের দৃশ্যমান অগ্রগতি চাই

কথা বলছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, দায়িত্বশীলতা ও দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে মৌলভীবাজারকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়বিষয়ক মতবিনিময়সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সভায় নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পাশাপাশি কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। সবার সম্মিলিত উদ্যোগে মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভায় উত্থাপিত বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, জেলা পর্যায়ের পর পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হবে। এর মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে নিজের প্রথম অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকলে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং বিনিয়োগের পরিবেশ আরও গতিশীল হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শনের ওপর গুরুত্ব দেন তিনি।
মৌলভীবাজারের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে তাদের অগ্রাধিকার ও প্রয়োজনগুলো জানতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক যোগাযোগসহ অন্যান্য মৌলিক অবকাঠামোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রবাসী কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বিদেশি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে একটি টাস্কফোর্স গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাদকবিরোধী কার্যক্রমে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো তথ্য থাকলে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এ সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কার্যক্রমসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার কথাও জানান তিনি।
মন্ত্রী বলেন, আগামী এক মাসের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী সময়ে অগ্রগতি যাচাই করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মৌলভীবাজারকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ ও মো. মুজিবুর রহমান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান ও উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




