পদ বঞ্চিত হয়ে নিজেরাই কমিটি করলেন বিএনপি নেতারা

পদ বঞ্চিত বিএনপি নেতারা
পাবনার ঈশ্বরদীতে বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটিতে পদ না পেয়ে নিজেরাই কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু সমর্থকরা। পকেট কমিটি গঠনের অভিযোগ তুলে রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জাকারিয়া পিন্টুর ব্যক্তিগত কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত ২৪ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপি ও ২২ সদস্যের পৌর বিএনপির কমিটিতে অনুমোদনকারী হিসেবে স্বাক্ষর করেছেন জাকারিয়া পিন্টু। ঘোষিত কমিটিতে জাহাঙ্গীর আলমকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সেন্টু সরদারকে সদস্যসচিব এবং পৌর বিএনপির কমিটিতে ইসলাম হোসেন জুয়েলকে আহ্বায়ক ও আনোয়ার হোসেন জনিকে সদস্যসচিব ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট (শনিবার) রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব খন্দকার মাকসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ওই কমিটিতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনকে সদস্যসচিব করা হয়েছে। একই সঙ্গে ঈশ্বরদী পৌর বিএনপির কমিটিতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমনকে সদস্যসচিব করা হয়।
কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত জাকারিয়া পিন্টুর সমর্থকরা কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এর ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় তারা দলীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পাল্টা কমিটি ঘোষণা করেন। এতে ঈশ্বরদীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদ প্রকাশ্যে এলো।
জাকারিয়া পিন্টু বলেছেন, ‘আমরা বছরের পর বছর ধরে দলের জন্য মার খেয়েছি, মামলা-হামলার শিকার হয়েছি। অথচ আজ দলের দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন না করে একটি সুবিধাবাদী মহলকে সুবিধা দেওয়া হচ্ছে। দলের অস্তিত্ব রক্ষার্থে এবং সাধারণ কর্মীদের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই নতুন কমিটি ঘোষণা করতে বাধ্য হয়েছি।’
তবে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির নেতারা পাল্টা কমিটিকে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী’ ও ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। তাদের দাবি, কেন্দ্রীয় নেতাদের নিয়মতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমেই বৈধ কমিটি গঠন করা হয়েছে। ব্যক্তিস্বার্থ পূরণ না হওয়ায় একটি পক্ষ দলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
ঈশ্বরদী পৌর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ বললেন, ‘পাবনা জেলার প্রতিটি মানুষ জানে জাকারিয়া পিন্টু দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দল থেকে বহিষ্কার হয়েছিল। তিনি দলের কেউ না। সুতরাং একজন বহিষ্কৃত নেতার স্বাক্ষরিত কমিটি কতটা যৌক্তিক এবং গ্রহণযোগ্য, তা সবাই বোঝে।’
দলীয় সাইন বোর্ড ব্যবহার করে এ ধরনের প্যারালাল কমিটি ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পলাশ আরও বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের অবগত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার বলেন, ‘বহিষ্কৃত নেতারা নিজেরা নিজেদের কমিটি করা বিএনপির ইতিহাসে এই প্রথম। এটি পাগলের পাগলামি ছাড়া কিছুই না। এটি শুধু একটি প্যারালাল কমিটি নয়, বরং নিজেদের শক্তিশালী মনে করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি চ্যালেঞ্জ এবং তার বিরোধিতা করা।’
এ বিষয়ে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘জাকারিয়া পিন্টু দলের সিদ্ধান্ত অমান্য করে ৮টি নির্বাচন দলের বিরুদ্ধে করেছে। তার মধ্যে দলীয় কোনো আদর্শ নেই। যে তারেক রহমানের নির্দেশনা মানে না, সে এমনিতেই ধ্বংস হয়ে যাবে। এটি বিএনপির কোনো কমিটি নয়, এটি জাকারিয়া এন্টারপ্রাইজের কমিটি।’
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্রুত কেন্দ্রীয় হস্তক্ষেপের মাধ্যমে এ কোন্দল নিরসন করা না হলে ঈশ্বরদীর স্থানীয় রাজনীতিতে বিএনপি বড় ধরনের সাংগঠনিক ক্ষতির মুখে পড়তে পারে।








