কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

এই গানের শুটিংয়ে ভেঙেছে সরদার বাড়ির কিছু অংশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোক স্টুডিওর শুটিং শেষে অস্থায়ী স্থাপনা খুলে নেওয়ার সময় ঐতিহাসিক বড় সরদার বাড়ির মূল ভবনের বেশ কয়েকটি অংশ ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠেছে। মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন প্রায় ৫০০ বছরের পুরনো এ স্থাপনা দ্রুত সংস্কার ও ঘটনার তদন্তের দাবি জানিয়েছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি জানান সংগঠনের আহ্বায়ক কবি শাহেদ কায়েস।
সংবাদ সম্মেলনে বলা হয়, সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরে থাকা ঐতিহাসিক বড় সরদার বাড়িটি সম্প্রতি শুটিংয়ের জন্য কোক স্টুডিওর কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়। শুটিং শেষে স্টুডিও কর্তৃপক্ষ তাদের অস্থায়ী স্থাপনাগুলো খুলে নেওয়ার সময় সরদার বাড়ির মূল ভবনের বেশ কয়েকটি স্থান ভেঙে পড়ে। এতে ঐতিহাসিক স্থাপনাটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সংগঠনটির নেতাদের দাবি, দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক সম্পদ বড় সরদার বাড়ির এই ক্ষতি অপূরণীয়। দ্রুত সংস্কার করা না হলে ভবনটি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ঘটনার তদন্ত করে বিশেষজ্ঞদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার এবং ভবনটিকে পূর্বের নকশায় ফিরিয়ে আনার দাবি জানান তারা।
এ ছাড়া লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এর বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা। একই সঙ্গে শিল্পাচার্য জয়নুল আবেদীন প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনে চারু ও কারুশিল্পীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অভিযোগ করে তাদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েলসহ অনেকেই।








