বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার চাচা

হাছান আহমদ। ছবি: আগামীর সময়
সিলেটের বিয়ানীবাজারে ১১ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আপন চাচা হাছান আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হাছান একজন প্রাইভেটকার চালক।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা প্রবাসে থাকেন। গত ৮ আগস্ট শিশুটির মা আসরের নামাজ পড়ছিলেন। এ সময় হাছান শিশুটিকে নিজের শয়ন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে পরিবারের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও মেয়েটির চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় থানায় মামলা করতে কিছুটা দেরি হয়।
ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগীর মা বিয়ানীবাজার থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই হাছান পলাতক ছিলেন।
বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, মামলা হওয়ার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেপ্তারে নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে হাছানকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।




