কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪, আদালতে ১০৮

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে পুলিশের দ্বিতীয় দফার অভিযানে আটক ২৫৪ জনের মধ্যে ১০৮ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। আর ১৪৬ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দিনভর যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী, মাদকাসক্ত, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ ২৫৪ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ১০৮ জনকে মাদক সেবন, নিয়মিত মামলা, মোবাইল কোর্ট, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও ওয়ারেন্টের ভিত্তিতে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিম হত্যার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে আবারও আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকাসহ জেলার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বললেন, ‘পুলিশের এই অভিযান কিশোর অপরাধী ও তাদের পরিবারের জন্য একটি ম্যাসেজ। ভবিষ্যতে সন্তান যাতে বিপথগামী হতে না পারে, এ জন্য সন্তানের বাবা-মাসহ পরিবারের দায়িত্বশীলদের নজরদারি থাকতে হবে।’
এর আগে গত বুধবার রাতে জেলার ১৮টি থানা এলাকায় অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ১৭৩ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আর ৪৫১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।



