খেলতে খেলতে পুকুরে তলিয়ে গেল দুই বছরের আব্দুল্লাহ

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পটুয়াখালীর দশমিনায় খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গেদু খান বাড়িতে।
মৃত শিশুটির নাম আব্দুল্লাহ। সে ওই এলাকার কালাম খানের ছেলে।
পারিবারের সদস্যরা জানালেন, ঘটনার সময় আব্দুল্লাহর মা খাদিজা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে আব্দুল্লাহকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। তারা দ্রুত তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. এইচ এম আলভী আহমেদ পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




