জামালপুরে তীব্র তাপপ্রবাহে কৃষকের মৃত্যু, শঙ্কা বাড়ছে জনমনে

ছবি: আগামীর সময়
জামালপুরে চলমান তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে অসুস্থ হয়ে মারা গেছেন কৃষক টুনু আকন্দ (৫৫)। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
তিনি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার মৃত সাদেক আকন্দের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে বাড়ির পাশের জমিতে খড় শুকানোর কাজ করছিলেন টুনু আকন্দ। এ সময় প্রচণ্ড তাপপ্রবাহে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার আরও অবনতি হয়। পরে চিকিৎসক তাকে পাঠান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। পথেই তিনি মারা যান। অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা চিকিৎসকদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেছেন, ‘হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। চলমান তীব্র তাপপ্রবাহে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে দুপুরের প্রখর রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার বিষয়ে সচেতন হওয়া জরুরি।’




