সংহতি দিবসে আলাদা মিছিল বের করা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি: আগামীর সময়
সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলাদা মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরে থানা ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে বিএনপির দুই পক্ষ আলাদা মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হলে এক পক্ষ অন্য পক্ষকে রাস্তা ছেড়ে দিতে রাজি হয়নি। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এর মধ্যেই দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান নেতা-কর্মীরা। এতে ১০ জন আহত হন।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান ও জুলফিকার চৌধুরীসহ কয়েকজন এক পক্ষে রয়েছেন। অন্য পক্ষে আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার ও আবদুল মালিকসহ অন্যরা।
মাসুম মাহমুদ তালুকদার অভিযোগ করে বলেন, আমাদের মিছিল শান্তিপূর্ণ ছিল। এতে চারজন যুগ্ম আহ্বায়কসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের অনেক নেতা-কর্মী অংশ নেন। প্রতিপক্ষের লোকজন আমাদের মিছিলের পথ আটকে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে আমাদের তিন থেকে চারজন আহত হয়েছেন।
অন্য পক্ষের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরীর দাবি, তারা মিছিল শেষে উপজেলা পার্কে সমাবেশ করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে এসে মিছিল ও স্লোগান দিতে শুরু করেন। এতে উত্তেজনা তৈরি হয় এবং পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, দুটি মিছিল মুখোমুখি হওয়ার পর পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। তখনো দুই পক্ষ আলাদা দুটি স্থানে অবস্থান করছিল। পুলিশ ঘটনাস্থলে ছিল।




