ছোট ভাইয়ের দাফনের আগেই নিভল বড় ভাইয়ের প্রাণ

সংগৃহীত ছবি
এক ভাইয়ের নিথর দেহ বাড়িতে। তাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনেরা। ঠিক সেই সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন বড় ভাই। কিন্তু ছোট ভাইয়ের দাফন সম্পন্ন হওয়ার আগেই সেই লড়াইয়ে হার মানলেন তিনিও। এক রাতের আগুনে নিভে গেল হাফেজ দুই ভাইয়ের জীবন। দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা-মা; আর্তনাদ থামছে না স্বজনদের।
রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় আগুনের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— হাফেজ ওমর ফারুক (১৩) ও মো. আবদুল্লাহ (১৬)। তারা ওই এলাকার মৌলানা ফজল কাদেরের ছেলে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্টিলের টিফিন বক্সে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। আগুনে দগ্ধ হয় দুই ভাই। ঘটনাস্থলেই ছোট ভাই ওমর ফারুকের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ অবস্থায় বড় ভাই আবদুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। ছোট ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই বড় ছেলেকে হারানোর খবর পায় পরিবার। ছোট ভাইয়ের দাফনের আগেই বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় শোকের মাতম আরও তীব্র হয়ে ওঠে স্বজনদের মধ্যে।
খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। তিনি শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় নগদ অর্থের পাশাপাশি আসবাবপত্র ও খাদ্যসামগ্রী দিয়ে পরিবারটিকে মানবিক সহায়তা দেওয়া হয়। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন পরিবারটির পাশে থাকবে বলে আশ্বাস দেন ইউএনও।



