যতদিন পানিবন্দী থাকবে, ততদিন বন্যার্তদের পাশে থাকব: রাসিক প্রশাসক

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫৫০টি পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেছেন, ‘বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন তারা পানিবন্দি থাকবে, ততদিন আমরা তাদের পাশে থাকব।’
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও জরুরি ওষুধ বিতরণকালে এ কথা বলেন তিনি।
পদ্মা নদীর পানি বৃদ্ধিতে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত মানুষ দুর্ভোগে পড়েছেন।
বুধবার বিকালে তাদের পাশে দাঁড়ান রাসিক প্রশাসক। তিনি বন্যাদুর্গত পরিবারের হাতে নিজে ত্রাণ সামগ্রী ও জরুরি ওষুধ তুলে দেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।
মাহফুজুর রহমান রিটন এ সময় বললেন, ‘পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে যারা দুর্ভোগে পড়েছেন, তাদের কষ্ট আমরা উপলব্ধি করছি। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পাশে আছে।’
তিনি বলছেন, ‘এই সময়ে কেউ যেন নিজেকে অসহায় মনে না করেন- সে জন্য মানবিক সহায়তা নিয়ে আমরা তাদের পাশে আছি এবং এভাবে আগামীতেও পাশে থাকব।’
রাসিক প্রশাসক জানালেন, রাজশাহীতে বন্যায় প্রায় ৫৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব পরিবারের প্রত্যেকটির কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
এ সময় বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন রাসিক প্রশাসক। তাদের প্রয়োজন ও দুর্ভোগের কথা শোনেন এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ অন্যান্য কর্মকর্তা এবং রাজশাহী মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।



