প্রকৃতির সৌন্দর্যে পর্যটনের নতুন ঠিকানা চরফ্যাশন

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নতুন রূপ পেয়েছে দ্বীপজেলা ভোলার দক্ষিণাঞ্চলের জনপদ চরফ্যাশন। ছবি: আগামীর সময়
শীতের আগমনে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নতুন রূপ পেয়েছে দ্বীপজেলা ভোলার দক্ষিণাঞ্চলের জনপদ চরফ্যাশন। একদিকে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিশাল জলরাশি, অন্যদিকে বঙ্গোপসাগরের মোহনা, বিস্তীর্ণ চরাঞ্চল, সবুজ ম্যানগ্রোভ বন ও নির্জন সমুদ্রসৈকত।
এর সঙ্গে আছে অতিথি পাখির কলকাকলি ও আধুনিক স্থাপনা। সব মিলিয়ে পর্যটনের বিপুল সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে চরফ্যাশন। নতুন নতুন বিনোদনকেন্দ্র ও দৃষ্টিনন্দন স্থাপনা গড়ে ওঠায় এলাকাটি এখন ভোলার অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে।
পর্যটকদের আকর্ষণ বাড়াতে সম্প্রতি চরফ্যাশনের বেতুয়া প্রশান্তি পার্কে যুক্ত হয়েছে নতুন স্থাপনা ভালোবাসার চরফ্যাশন। আলোকসজ্জায় সাজানো আই লাভ সাইন বা সেলফি পয়েন্টটি গত ৩০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আধুনিক নকশা, ঝলমলে এলইডি বাতি ও হৃদয়াকৃতির লাল প্রতীকে সাজানো স্থাপনাটি উদ্বোধনের পর থেকেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
বিশেষ করে সন্ধ্যার পর আলোকসজ্জায় স্থাপনাটি আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। এর সামনে ছবি ও ভিডিও ধারণ করতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে চরফ্যাশনের সৌন্দর্য তুলে ধরতে দেখা যাচ্ছে কনটেন্ট ক্রিয়েটরদেরও।
নান্দনিক এ সেলফি পয়েন্টের উদ্যোক্তা ভোলা-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন। স্থাপনাটির সার্বিক পরিকল্পনায় আছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমান আফরোজ।
নতুন এ আয়োজন বেতুয়া প্রশান্তি পার্কের আকর্ষণ বাড়ানোর পাশাপাশি চরফ্যাশনের পর্যটন পরিচিতি ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা।
চরফ্যাশনের পর্যটন আকর্ষণের অন্যতম স্থান বেতুয়া প্রশান্তি পার্ক। মেঘনা নদীর তীরঘেঁষে বেতুয়া লঞ্চঘাটের পাশে গড়ে ওঠা এ পার্কে প্রতিদিনই ঘুরতে আসেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। নদীর বিশাল জলরাশি, নির্মল বাতাস, নৌযানের চলাচল এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য পার্কটির প্রধান আকর্ষণ।
বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে দর্শনার্থীদের ভিড় বাড়ে। পরিবার-পরিজন নিয়ে ঘোরাঘুরি, নদীর পাড়ে বসে সময় কাটানো ও ছবি তোলার জন্য জায়গাটি জনপ্রিয়। এর সঙ্গে ভালোবাসার চরফ্যাশন সেলফি পয়েন্ট যুক্ত হওয়ায় পার্কটি পেয়েছে নতুন মাত্রা।
বেতুয়া লঞ্চঘাট চরফ্যাশনের যোগাযোগব্যবস্থারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঢাকা-চরফ্যাশন নৌপথে লঞ্চ চলাচলের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের কাছে এলাকাটি পরিচিত প্রবেশদ্বার। ফলে পর্যটনকেন্দ্র হিসেবে বেতুয়ার গুরুত্ব আরও বাড়ানোর সুযোগ আছে।
চরফ্যাশনের আরেকটি আকর্ষণ জ্যাকব টাওয়ার। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এ দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার স্থানীয় পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে। টাওয়ারের ওপর থেকে আশপাশের বিস্তীর্ণ জনপদ, নদী ও সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। ছবি তোলা ও চারপাশের দৃশ্য দেখার জন্য প্রতিদিনই এখানে আসেন দর্শনার্থীরা।
এ ছাড়া চরফ্যাশন শহরের ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং শহীদ মিনার চত্বরও স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের বিনোদনের সুযোগ তৈরি করেছে। বিশেষ করে শিশুদের জন্য পার্কের বিভিন্ন আয়োজন পরিবারগুলোর কাছে জায়গাগুলোকে আকর্ষণীয় করে তুলেছে।
চরফ্যাশনের পর্যটন সম্ভাবনার অন্যতম বড় সম্পদ চর কুকরি-মুকরি। মেঘনা নদীর অববাহিকা ও বঙ্গোপসাগরের উপকূলঘেঁষা এ দ্বীপে রয়েছে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, নদী-খাল, সবুজ বৃক্ষরাজি, নির্জন চর ও বন্যপ্রাণীর আবাসস্থল। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এলাকাটি স্থানীয়ভাবে মিনি সুন্দরবন নামেও পরিচিত।
কুকরি-মুকরির বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া খাল, নদীর পাড়ের সারি সারি গাছ, মাছ ধরার নৌকা ও জেলেদের জীবনযাত্রা পর্যটকদের মুগ্ধ করে। শীত মৌসুমে অতিথি পাখির উপস্থিতি এ এলাকার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।
প্রকৃতিপ্রেমীদের কাছে জায়গাটি বিশেষ আকর্ষণীয়। এখানে নৌভ্রমণ, প্রকৃতি পর্যবেক্ষণ এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। পর্যটকদের জন্য সীমিত আবাসন ও হোমস্টে সুবিধা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। তবে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপদ নৌযান, উন্নত যোগাযোগ, মানসম্মত আবাসন, খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসেবার চাহিদাও বাড়ছে।
চরফ্যাশনের ঢালচর ইউনিয়নে অবস্থিত তারুয়া সমুদ্রসৈকতও পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি স্থান। বঙ্গোপসাগরের কোলঘেঁষে বিস্তৃত এ সৈকতে রয়েছে বালুকাবেলা, ম্যানগ্রোভ বন ও নদী-সমুদ্রের মিলনস্থলের মনোরম দৃশ্য। একদিকে সমুদ্রের বিশাল জলরাশি, অন্যদিকে সবুজ বনভূমি। নির্জন প্রাকৃতিক পরিবেশের কারণে সৈকতটি প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
তারুয়ার আশপাশের চরাঞ্চলে শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির বিচরণ দেখা যায়। বন্যপ্রাণী ও পাখির উপস্থিতি এলাকাটিকে প্রকৃতিনির্ভর পর্যটনের জন্য সম্ভাবনাময় করে তুলেছে। তবে দুর্গম যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত আবাসনের অভাব, নিরাপদ নৌযান ও পর্যটকসেবার সীমাবদ্ধতা এ সম্ভাবনার পথে বাধা হয়ে আছে।
এদিকে চরফ্যাশনের দক্ষিণাঞ্চলে খেজুরগাছিয়া সৈকতসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে এসব স্থানকে মিনি কক্সবাজার হিসেবে পরিচিত করার প্রচেষ্টা রয়েছে। বিস্তীর্ণ বালুচর, নদী ও সাগরের জলরাশি এবং খোলা আকাশ এসব এলাকার অন্যতম আকর্ষণ। এ ছাড়া ঢালচর, চর নিজাম, চর পাতিলা ও আশপাশের বিচ্ছিন্ন চরাঞ্চলেও নদী, সমুদ্র, বনভূমি ও জীববৈচিত্র্যকেন্দ্রিক পর্যটনের সুযোগ আছে। পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে এসব স্থানকে ঘিরে চরফ্যাশনে একাধিক পর্যটন গন্তব্য গড়ে তোলা সম্ভব।
পর্যটনশিল্পের বিকাশ চরফ্যাশনের স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পর্যটকের সংখ্যা বাড়লে হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, নৌযান, স্থানীয় খাবার, হস্তশিল্প, ক্ষুদ্র ব্যবসা ও আবাসন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। স্থানীয় জেলে, নৌযানচালক, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও তরুণদের জন্যও পর্যটন হতে পারে আয়ের নতুন উৎস। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য, খাবার ও জীবনযাত্রা তুলে ধরার সুযোগ তৈরি হবে। বিশেষ করে কুকরি-মুকরি ও তারুয়ার মতো প্রাকৃতিক পর্যটনকেন্দ্রে পরিবেশবান্ধব ব্যবস্থা গড়ে তোলা গেলে স্থানীয় মানুষের অংশগ্রহণে টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ সম্ভব।
তবে সম্ভাবনা থাকলেও চরফ্যাশনের পর্যটনশিল্প এখনো পূর্ণাঙ্গভাবে বিকশিত হয়নি। অনেক দর্শনীয় স্থানে যাতায়াতের জন্য পর্যাপ্ত ও নির্ভরযোগ্য পরিবহন নেই। কোথাও সড়ক যোগাযোগের সীমাবদ্ধতা, কোথাও নৌপথে যাতায়াতের অনিশ্চয়তা পর্যটকদের ভোগান্তিতে ফেলে। এ ছাড়া পর্যটনকেন্দ্রগুলোতে মানসম্মত আবাসন, পরিচ্ছন্ন শৌচাগার, বিশুদ্ধ পানি, নিরাপদ খাবার, পর্যাপ্ত বসার স্থান, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
দুর্গম দ্বীপ ও সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। আবহাওয়া, জোয়ার-ভাটা ও নৌযান চলাচল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এবং সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা থাকা প্রয়োজন। বিশেষ করে কুকরি-মুকরি ও তারুয়ার মতো জীববৈচিত্র্যসমৃদ্ধ এলাকায় পর্যটন অবকাঠামো নির্মাণের সময় পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। বনভূমি, বন্যপ্রাণী ও অতিথি পাখির আবাসস্থল ক্ষতিগ্রস্ত করে পর্যটন সম্প্রসারণ করা হলে দীর্ঘমেয়াদে এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ হুমকির মুখে পড়বে।
চরফ্যাশনের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও বিনিয়োগ। বেতুয়া প্রশান্তি পার্ক, জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, কুকরি-মুকরি, তারুয়া ও খেজুরগাছিয়া সৈকতকে যুক্ত করে পৃথক পর্যটন রুট তৈরি করা যেতে পারে। একই সঙ্গে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে পর্যটকদের যাতায়াত সহজ করতে নৌ ও সড়ক যোগাযোগের উন্নয়ন, নিরাপদ পরিবহন, পর্যাপ্ত আবাসন, পর্যটক তথ্যকেন্দ্র এবং প্রশিক্ষিত গাইডের ব্যবস্থা করা প্রয়োজন। স্থানীয় তরুণদের প্রশিক্ষণ দিয়ে পর্যটনসেবায় যুক্ত করা গেলে কর্মসংস্থানের পাশাপাশি সেবার মানও বাড়বে।
এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি বিনিয়োগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ জরুরি।





