জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী পিন্টু রুদ্র পাল নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত গৃহবধূ রিতা রুদ্র পাল (৩৩) গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার বিকালে পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘটেছে এ ঘটনা।
পুলিশ জানায়, রিতা ও পিন্টু রুদ্র পালের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল। বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করে। বিকাল ৩টার দিকে পিন্টু ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করলে ঘটনাস্থলেই রিতা রুদ্র পালের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




