সাতক্ষীরায় বৃষ্টিতে নষ্ট ৮৫ ইটভাটার কাঁচা ইট

সাতক্ষীরার ১২৩টি তালিকাভুক্ত ইটভাটার মধ্যে অন্তত ৮৫টির লাখ লাখ কাঁচা ইট বৃষ্টির পানিতে গলে নষ্ট হয়ে গেছে। ছবি: আগামীর সময়
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাতক্ষীরার ইটভাটার মালিক ও শ্রমিকেরা। জেলার ১২৩টি তালিকাভুক্ত ইটভাটার মধ্যে অন্তত ৮৫টির লাখ লাখ কাঁচা ইট বৃষ্টির পানিতে গলে নষ্ট হয়েছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে পরিবেশ অধিদপ্তর। বৃষ্টির কারণে ইট তৈরির কাজও ব্যাহত হচ্ছে। ফলে মৌসুমের শুরুতেই উৎপাদন ও ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্টরা।
তালা উপজেলার মেল্লেকবাড়ি এলাকার এসএন ইটভাটায় গিয়ে দেখা গেছে, বৃষ্টির পানি জমে কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে। সাজিয়ে রাখা ইটের স্তর ভেঙে পড়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে পানিতে গলে যাওয়া কাঁচা ইট। কোথাও কোথাও জমে আছে বৃষ্টির পানি।
ইটভাটার মালিকেরা জানান, শীতের মৌসুম সামনে রেখে তারা কেবল কাঁচা ইট তৈরি শুরু করেছিলেন। এর মধ্যেই কয়েক দিনের বৃষ্টিতে মাঠে ও ভাটার চত্বরে শুকানোর জন্য রাখা ইট নষ্ট হয়েছে। কোথাও ইটের স্তর ভেঙে পড়েছে, কোথাও পানিতে ভিজে নরম হয়ে গলে গেছে। এতে নতুন করে ইট তৈরি ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তালা উপজেলার একটি ইটভাটার মালিক বাবলুর রহমান জানান, তার ভাটার প্রায় পাঁচ লাখ কাঁচা ইট বৃষ্টির পানিতে ভিজে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কিছু ইট পলিথিন দিয়ে ঢাকার চেষ্টা করেও রক্ষা করা যায়নি। পানির ছিটায় ঢেকে রাখা ইটেও দাগ পড়েছে। সব মিলিয়ে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জেলার অন্য ইটভাটাগুলোরও একই অবস্থা।
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও আলিপুর অটো ব্রিকসের মালিক আব্দুস সবুর জানান, শীতের আগমনী বার্তা পেয়ে তারা কেবল কাঁচা ইট তৈরি শুরু করেছিলেন। কিন্তু বৃষ্টিতে তার ভাটার আট থেকে ১০ লাখ কাঁচা ইট গলে কাদামাটিতে পরিণত হয়েছে। প্রতিটি ইটে প্রায় দুই টাকা করে ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি।
তবে এই ক্ষতির প্রভাব শুধু ইটভাটার মালিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করছেন স্থানীয় ক্রেতারা। তাদের মতে, উৎপাদন ব্যাহত হলে পরবর্তী সময়ে পাকা ইটের দাম বাড়তে পারে। এতে বাড়তি খরচের চাপ পড়বে সাধারণ ক্রেতাদের ওপর।
স্থানীয় ইটক্রেতা আসাদুল ইসলাম জানান, বৃষ্টিতে অনেক কাঁচা ইট গলে নষ্ট হয়েছে। কারিগররাও কয়েক দিন ধরে কাজ করতে পারছেন না। এতে মালিকেরা সাময়িক লোকসানে পড়লেও পরে পাকা ইটের দাম বাড়িয়ে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারেন। শেষ পর্যন্ত বাড়তি দামের বোঝা সাধারণ ক্রেতাদেরই বহন করতে হবে।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাতক্ষীরার সাত উপজেলা ও দুটি পৌরসভা মিলিয়ে তালিকাভুক্ত ইটভাটার সংখ্যা ১২৩টি। তবে চলতি বছর সব কটি ভাটা চালু হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সৌমেন মৈত্র জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে জেলার ইটভাটাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তাদের কাছে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলার প্রায় ৮৫টি ইটভাটার কাঁচা ইট সম্পূর্ণ গলে নষ্ট হয়েছে। এতে ভাটার মালিকদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে আরও কয়েক দিন সময় লাগবে।




