পত্নীতলায় অসময়ের বৃষ্টিতে ক্ষতির শঙ্কায় আমন-সরিষা-আলু

গ্রাফিকস: আগামীর সময়
নওগাঁর পত্নীতলায় অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষক ও ধান কাটার শ্রমিকেরা। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে আমন ধান কাটা ও মাড়াই, সরিষা বপন এবং আলু রোপণের কাজ। মাঠে কাটা ধান ভিজে যাওয়ার পাশাপাশি পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। এতে আমন ধানসহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
কাজ বন্ধ থাকায় বেকার সময় কাটাচ্ছেন স্থানীয় ও বাইরে থেকে আসা ধান কাটার শ্রমিকেরা। কেউ কেউ কাজ না পেয়ে নিজ এলাকায় ফিরে যাচ্ছেন।
উপজেলার বিভিন্ন গ্রামে গত শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টির আগে কৃষকদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। কোথাও আমন ধান কাটা ও মাড়াই চলছিল, কোথাও সরিষা বপন এবং নতুন আলু রোপণে ব্যস্ত ছিলেন কৃষক ও কৃষাণিরা। কিন্তু বৃষ্টিতে থমকে গেছে কৃষিকাজের স্বাভাবিক গতি।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টিতে অনেক জমির পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। অন্যদিকে, আগে কেটে মাঠে শুকাতে দেওয়া ধান ভিজে যাওয়ায় তা মাড়াইয়ের জন্য ঘরে তুলতে পারছেন না কৃষকেরা। এতে ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
কৃষক দীলিপ বলেছেন, যদি এভাবে আরও কিছু দিন বৃষ্টি হয় তাহলে আমার সব ধানগাছ নুয়ে পড়ে জলের নিচে তলিয়ে যাবে এবং কিছু দিন পর ভেজা অবস্থায় থাকা সব ধানে পচন ধরার পাশাপাশি সুগন্ধি আতপ ধান চিটা হওয়ার শঙ্কা আছে।
তিনি আরও বললেন, ‘এমনিতেই শ্রমিকসংকট চলছে। সিরিয়াল দিয়ে ধান কাটাতে হচ্ছে। এর মধ্যে প্রতিকূল আবহাওয়ার কারণে সময়মতো ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।’
এদিকে আমন ধান কাটার পর যেসব জমিতে সরিষা বপন করা হয়েছে, সেসব জমিতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এতে সরিষার আবাদও ক্ষতিগ্রস্ত হতে পারে।
সরিষা ও আলুচাষি হামিদুল জানিয়েছেন, এবার তিনি এক বিঘা জমিতে সরিষা এবং পাঁচ কাঠা জমিতে আলু রোপণ করেছেন। কিন্তু দিনভর বৃষ্টিতে জমিতে অতিরিক্ত আর্দ্রতা তৈরি হয়েছে। এতে আলুর বীজ গজাতে সমস্যা এবং চারা পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে সরিষার ক্ষেত নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
হামিদুলের ভাষ্য, ‘কী যে হবে, আল্লাহ তাআলাই জানেন।’
এদিকে জমিতে পানি জমে ফসলের ক্ষতি ঠেকাতে অনেক কৃষক কোদাল নিয়ে মাঠে নেমেছেন। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য জমির আইল কেটে দিচ্ছেন তারা। কৃষকদের আশঙ্কা, পানি জমে থাকলে আমন, সরিষা ও আলুর ফলনে নেতিবাচক প্রভাব পড়বে।




