চেকপোস্টের আগেই পালালেন যাত্রী, বাসে মিলল দুই পিস্তল

ছবি: এসআরবির সৌজন্যে
রাজশাহীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টের খবর পেয়ে বাস থেকে নেমে পালিয়ে গেছেন সন্দেহভাজন এক যাত্রী। পরে ওই বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টন থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন। সোমবার রাতে নগরের সিটিহাট বাইপাস এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
মঙ্গলবার দুপুরে এসআরবি-৫-এর সদর কোম্পানি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৭টার দিকে সদর কোম্পানির একটি দল নগরের শাহমখদুম থানার সিটিহাট বাইপাস এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টন পাওয়া যায়। কার্টনটি খুলে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেন ব্যাটালিয়নের সদস্যরা।
বাসের যাত্রীদের ভাষ্য, চেকপোস্টের খবর পেয়ে বাসটি সেখানে পৌঁছানোর আগেই এক যাত্রী কৌশলে নেমে পালিয়ে যান। ওই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তার নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি।
এসআরবি-৫-এর অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক বললেন, পলাতক যাত্রীর পরিচয় শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।



