রাজশাহী
বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের

ছবি: আগামীর সময়
মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির নেতারা বলেছেন, রাজনৈতিক বিভেদ, হিংসা-বিদ্বেষ ও প্রতিহিংসার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং জাতীয় ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আজ শনিবার বিকালে রাজশাহীতে আয়োজিত এক আলোচনাসভায় নেতারা এ কথা বলেন।
বিকালে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের নবনির্বাচিত আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
সভায় বক্তারা বলেছেন, জাতীয় ঐক্য ও সংহতি একটি দেশের অগ্রগতি, স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষার অন্যতম ভিত্তি। জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত সমাজ। এ লক্ষ্য অর্জনে রাজনৈতিক মতপার্থক্যকে সংঘাতের কারণ না বানিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার পরিবেশ তৈরি করতে হবে। জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
আলোচনাসভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবুল কালাম আজাদ, আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরের সভাপতি সারোয়ার জাহান প্রিন্স এবং জামায়াত নেতা আবু বকর সিদ্দীক।
সভা সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইন।




