দিনাজপুর
অসময়ের বৃষ্টিতে দুর্ভোগ কৃষকের, শীত বাড়ার আভাস

অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দিনাজপুরের কৃষকরা। আজ শনিবার বেলা ১২টা পর্যন্ত জেলায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন।
এই বৃষ্টির কারণে মাঠের পাকা আমন ধান কাটা ও মাড়াই নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার জেলায় চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই আকাশ মেঘলা থাকার পাশাপাশি থেমে থেমে গুঁড়ি গুঁড়ি ও হালকা বৃষ্টি হচ্ছে। বেলা ১২টা পর্যন্ত মোট ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সরেজমিন জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বর্তমানে মাঠে মাঠে রোপা আমন ধান কাটার ধুম চলছে। অনেক কৃষকের কাটা ধান এখনো খোলা মাঠে পড়ে আছে। আবার অনেক জমির পাকা ধান বৃষ্টির পানিতে ও বাতাসে হেলে পড়েছে।
সদর উপজেলার কৃষক আকবর আলী জানান, জমির ধান পেকে গেছে, কিছু ধান কেটে মাঠেই রাখা ছিল। হঠাৎ এই বৃষ্টিতে ধান ভিজে যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়লাম। রোদ না উঠলে ধানের খড় পচে যাবে এবং ধানের রং নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আগামীকাল জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মেঘলা আকাশের সঙ্গে কুয়াশা বাড়তে পারে। নভেম্বরের শেষে শীত বাড়বে এমন আভাসের কথা জানিয়েছেন তিনি।




