গঙ্গাচড়ায় ১৭৮ প্রাথমিক বিদ্যালয়ের একটিতেও নেই ব্যবস্থাপনা কমিটি

সংগৃহীত ছবি
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটিরও ব্যবস্থাপনা কমিটি এখনো অনুমোদন হয়নি। গত জুনে কমিটি গঠনের কার্যক্রম শুরু হলেও প্রায় তিন মাস পরও কোনো বিদ্যালয়ের কমিটি অনুমোদনের প্রক্রিয়া শেষ হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কমিটি গঠনে কিছু বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী প্রতিনিধি পাওয়া যাচ্ছে না। আবার কোনো কোনো বিদ্যালয়ে একাধিক জমিদাতা থাকায় প্রতিনিধি নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এসব কারণে কয়েকটি বিদ্যালয়ের কমিটি গঠনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
অন্যদিকে, ৫২টি বিদ্যালয়ের কমিটি গঠনের কাজ শেষ হলেও সেগুলো এখনো অনুমোদন পায়নি। ফলে কমিটি গঠনের কার্যক্রম শুরু হওয়ার প্রায় তিন মাস পরও উপজেলার কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি কার্যকর হয়নি।
কমিটি না থাকায় বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জটিলতা হচ্ছে বলে কয়েকজন প্রধান শিক্ষক জানিয়েছেন। তাদের ভাষ্য, বিদ্যালয়ের ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রশাসনিক কাজে কমিটির ভূমিকা রয়েছে। দীর্ঘদিন কমিটি না থাকায় এসব কাজ সমন্বয় করতেও সমস্যায় পড়তে হচ্ছে।
অভিভাবক শাহিনুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন কাজে ব্যবস্থাপনা কমিটি সহযোগিতা করে। দীর্ঘদিন কমিটি না থাকলে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে এর প্রভাব পড়তে পারে।’
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ বলেন, ‘৫২টি বিদ্যালয়ের কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে উপজেলা শিক্ষা কমিটির সভায় এগুলো অনুমোদন হতে পারে। কিছু বিদ্যালয়ে কমিটি গঠনে জটিলতা রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার বলেন, ‘আমি উপজেলা শিক্ষা কমিটির সভাপতি। এ বিষয়ে বিস্তারিত সদস্যসচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলতে পারবেন।’




