শেরপুর
মাদকের টাকা না দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, যুবক আটক

আটক আরিফুল ইসলাম
শেরপুরের চরশাপমারি এলাকায় মাদকের টাকা না দেওয়ায় রুকেয়া বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা আরিফুলকে আটক করে পুলিশে দিয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চরশাপমারি গ্রামে এ ঘটনা ঘটে। আরিফুল এলাকার আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চরশাপমারি গ্রামের লাল মিয়ার বসতঘরের সামনে চেয়ারে বসে চার মাসের শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন তার স্ত্রী রুকেয়া বেগম। এ সময় প্রতিবেশী ভাসুরের ছেলে আরিফুল ইসলাম তার কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। রুকেয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে আরিফুল ধারালো দা দিয়ে তার গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই রুকেয়ার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন আরিফুলকে আটক করেন। পরে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রুকেয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে।
শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ ঘটনাটি নিশ্চিত করে উল্লেখ করেন, প্রতিবেশী ভাসুরের ছেলে আরিফুল ইসলাম রুকেয়ার কাছে নেশার টাকা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।
ওসি আরও উল্লেখ করেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আরিফুলকে আটক করে। এ ঘটনায় এখনো এজাহার পাওয়া যায়নি। এজাহার পাওয়ার পর মামলা রুজু করা হবে।



