বন বিভাগের পরিচর্যায় প্রাণ ফিরে পেল দুই লজ্জাবতী বানর

সাতছড়ি বনে অবমুক্ত দুই সংকটাপন্ন লজ্জাবতী বানর। ছবি: আগামীর সময়।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে দুটি সংকটাপন্ন লজ্জাবতী বানর (স্লো লরিস)। প্রয়োজনীয় পরিচর্যার পর তা সাতছড়ি সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা একটি বানর সামাজিক বনায়ন এলাকা থেকে এবং অপরটি পানিতে ভেসে যাওয়ার সময় উদ্ধার করেন।
পরে সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে বন বিভাগের কর্মীরা বানর দুটি উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যা শেষে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন।
মেহেদী হাসান জানান, উদ্ধার হওয়া দুটি বানরই সুস্থ ছিল। তাই পরিচর্যার পর তাদের নিরাপদে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় লজ্জাবতী বানর ‘সংকটাপন্ন’ প্রজাতি হিসেবে তালিকাভুক্ত।
বন্যপ্রাণী সংরক্ষণবিদরা বলছেন, বনভূমি ধ্বংস, আবাসস্থল সংকুচিত হওয়া এবং অবৈধ পাচারের কারণে প্রাণীটি মারাত্মক হুমকির মুখে রয়েছে। তাই সংরক্ষিত বন রক্ষা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।




