দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত: এমপি মান্নান

ছবি: আগামীর সময়
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, এ দেশ আমার, আপনার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের বলতে চাই, বিএনপি অতীতেও আপনাদের পাশে ছিল, এখনো আছে। সনাতন ধর্মাবলম্বীরা আমার পরিবারের মতো; এবারের পূজায় তাদের সর্বোচ্চ নিরাপত্তায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।
আজ বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক বিশেষ সভায় তিনি একথা বলেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে তিনি আরও বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ ‘ধর্ম যার যার, উৎসব সবার’। তাই সমাজ বা উৎসবে কোনো বৈষম্যের স্থান নেই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে শারদীয় দুর্গাপূজার আনন্দ উপভোগ করব।
সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন। সকলেই পূজার সময় মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারস্পরিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভা শেষে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলামের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলার ৩৮টি পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া এবং সোনারগাঁ উপজেলার ৩৮টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।




