শারদীয় দুর্গাপূজা সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটের বৈদ্যেরবাজার এখন যেন প্রতিমার হাট। গ্রামের সরু পথ ধরে একের পর এক ক্রেতা আসছেন। কোথাও কারিগর শেষ মুহূর্তের মাটির প্রলেপ দিচ্ছেন, কোথাও প্রতিমার গায়ে রঙের আঁচড় পড়ছে। কোনো কোনো কারখানায় আবার তৈরি প্রতিমা কিনতে দরদাম করছেন ক্রেতারা। ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে প্রতিমা পাওয়ায় রংপুর অঞ্চলের ছোট ও গ্রামীণ পূজামণ্ডপগুলোর অনেকেই ভিড় করছেন এ বাজারে।
রাজারহাট-সেলিমনগর সড়কের পাশে ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার এলাকায় অন্তত ১৫টি কারখানায় এখন ব্যস্ত সময় কাটাচ...