রিজভী
ফ্যাসিবাদী আমলে বিএনপি নেতাকর্মীদের লাশ পড়ে থাকত নদী-নালায়

বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, হাসিনার ফ্যাসিবাদী পুলিশ ও র্যাব বিএনপির অসংখ্য নেতাকর্মী হত্যা করেছে। নদী-নালায় পড়েছিল আমাদের নেতাকর্মীদের লাশ।
আজ রবিবার দুপুরে ফেনীর ভোরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ যুবদল নেতা হারুন উর রশিদের স্মরণসভায় তিনি একথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, আমরা বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু এখন আর সেই দিন নেই। নির্যাতনকারীরা পালিয়ে গেছে। সেই ভয়ংকর দিন যেন আর ফিরে না আসে।
এ সময় তিনি বলেন, হারুন কোনো অন্যায় করেনি, চাঁদাবাজি করেনি, মেট্রোরেলের টাকা আত্মসাৎ করেনি, দুর্নীতি করেনি। সে শুধু গণতন্ত্র রক্ষায় মাঠে নেমেছিল। কিন্তু হাসিনার পুলিশ তাকে গুলি করে হত্যা করে।
তিনি শহীদ হারুনের পরিবারের জন্য ঘর নির্মাণ করায় ‘আমরা বিএনপি পরিবার’কে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ সংগঠন অনেক মানবিক কাজ করছে। এসব কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ফেনী-২ আসনের এমপি অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের এমপি রফিকুল আলম মজনু, মহিলা আসনের এমপি রেহানা আক্তার রানু, বিএনপির কেন্দ্রীয় নেতা জালাল আহমেদ, বেলাল হোসেন, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার প্রমুখ।
পরে অতিথিরা বাজারের পাশে শহীদ হারুনের স্ত্রী বিবি জহুরার হাতে চাবি তুলে দিয়ে নতুন ঘর উদ্বোধন করেন।




