দিনাজপুর থেকে কুড়িগ্রামে সার পাচারের চেষ্টা, অতঃপর...

সংগৃহীত ছবি
দিনাজপুরের বোচাগঞ্জ থেকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অবৈধভাবে সার পাচারের সময় ১৩ বস্তা সারসহ একটি ট্রাক আটক করেছে স্থানীয়রা। পরে বোচাগঞ্জ থানায় খবর দিলে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে সার জব্দ ও জরিমানা করা হয়।
আজ রবিবার দুপুর ৩টায় উপজেলার মুশিদহাট ইউনিয়নের পড়িয়ালপুর চৌধুরীপাড়া গ্রাম এ ঘটনা ঘটে।
গ্রামের কীটনাশক বিক্রেতা মেসার্স ইসলাম ট্রেডাস থেকে ভুরুঙ্গামারীর গনায়েরকুটি গ্রামের ট্রাক ড্রাইভার আব্দুল জলিল ধানের খড় কিনতে এসে খড়ের ভেতর লুকিয়ে ১০ বস্তা সার নিয়ে যাচ্ছিলেন। এলাকাবাসী জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভি শোভন উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। এতে সার বিক্রেতা এমরানের দোকানে আরও ৩ বস্তা ২৬ কেজি সার মজুত অবস্থায় পাওয়া যায়। অবৈধভাবে সার বিক্রির অপরাধে কীটনাশক বিক্রেতা মেসার্স ইসলাম ট্রেডাসের সত্ত্বাধিকারী এমরানকে ১৫০০ টাকা জরিমানা ও ট্রাক ড্রাইভার আব্দুল জলিলকে অবৈধভাবে সার পাচারের অপরাধে ২০০ টাকা জরিমানাসহ মোট ১৩ বস্তা ২৬ কেজি সার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
বিচারক সাজিদ তানভি শোভন জানান, জব্দকৃত সার সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকের কাছে নায্যমূল্যে বিক্রয় করা হবে।
এ সময় উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মো. খুরশিদ হাসান, উপ-সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।



