কোনো ধর্মের মানুষ নির্যাতিত হোক, চান না তারেক রহমান : মুক্তিযুদ্ধমন্ত্রী

সংগৃহীত ছবি
বিএনপি সরকারের আমলে কোনো ধর্মের মানুষ যেন নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সদা জাগ্রত ও সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান চান, বাংলাদেশ মানুষের জন্য এমন একটি অভয়ারণ্য হোক, যেখানে সবাই মনে করবেন, এই দেশ আমার। আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিষ্টান, আমি চাকমা, আমি গারো, আমি সাঁওতাল, এটাই আমার দেশ, বাংলাদেশ। কেউ যেন মনে না করেন, এ দেশ তাঁর নয়।’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সব ধর্মের মানুষকে নিজ নিজ ধর্ম পালনের জন্য সমান সুযোগ-সুবিধা দেওয়া হবে। বিএনপি সরকারের আমলে কোনো ধর্মের মানুষ অত্যাচার-নির্যাতনের শিকার হবেন না। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।’
তিনি আরও বলেন, সব ধর্ম ও মতের মানুষকে সঙ্গে নিয়েই বাংলাদেশে সহাবস্থান নিশ্চিত করতে হবে। নিজের ধর্মের পাশাপাশি অন্যের ধর্মের প্রতিও সম্মান দেখাতে হবে।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (সখীপুর-বাসাইল সার্কেল) এস এম মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. খোরশেদ আলম, থানার ওসি মো. মুরাদ হোসেন ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন। সভা সঞ্চালনা করেন পূজা উদযাপন ফ্রন্টের সখীপুর উপজেলা শাখার সভাপতি নিরাঞ্জন বিশ্বাস।
এ সময় ছিলেন উপজেলার বিভিন্ন গ্রামের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।




