খুলনায় চাইনিজ কুড়াল নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর

খুলনায় আবারও একটি ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে এ হামলার ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর পৌনে ১টার দিকে পাঁচজন যুবক নগরীর খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা চাইনিজ কুড়াল বের করে ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন জিনিসপত্রে কোপাতে থাকে। হামলায় কাউন্টারের জিনিসপত্র, দুটি এসি, একটি টেলিভিশন ও সামনের দরজার কাচ ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে দুর্বৃত্তরা ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীর কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে থাকা এক ব্যক্তি বলেন, হামলাকারীদের সংখ্যা ছিল পাঁচজন। তাদের সবার হাতে চাইনিজ কুড়াল ছিল।
ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক জাহিদ হোসেন বলেন, প্রায় এক মাস আগে নগরীর টুটপাড়ার নূর আজিম বাহিনীর এক সদস্য তাকে ফোন করেন। ফোনে অপর প্রান্ত থেকে নূর আজিমের কথা বলা হলে তিনি জবাবে জানান, ওই ব্যক্তিকে তিনি চেনেন না। এ কথা বলার পরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর প্রায় এক মাস পর ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটল।
খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এর আগে গত ২৪ অক্টোবর রাতে নগরীর বাবুখান রোডে সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে থাকা চিকিৎসক, রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর এক দিন পর নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় শাখায় যায় একদল দুর্বৃত্ত। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের অস্ত্রের মুখে ভয়ভীতি দেখানো হয়। এর ১০ দিন পর নগরীর সামসুর রহমান রোডে আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। সর্বশেষ এ ঘটনার চার দিন পর খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটল।




