শ্রীমঙ্গলে তুলাবাহী ট্রাকে আগুন

ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি তুলাবাহী ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মাজদিহি ভৈরববাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
স্থানীয়রা জানালেন, সকালে বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ট্রাকে থাকা তুলার একটি অংশে ছড়িয়ে পড়ে আগুন। তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। পরে খবর দেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে।
প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার সুলাইমান আকঞ্জী জানালেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে চালকও কোনো তথ্য দিতে পারেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেছেন, ‘এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’





