শরণখোলা
নারকেল গাছ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

গ্রাফিকস: আগামীর সময়
মৌসুমি শ্রমিক হিসেবে বিভিন্ন বাড়িতে নারকেল ও সুপারি পাড়ার কাজ করত কিশোর মাহিন হাওলাদার (১৪)। কারও বাড়িতে নারকেল বা সুপারি পাড়ার প্রয়োজন হলে ডাক পড়ত তার।
প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকালে নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মাহিন হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া আবাসন পল্লীর বাসিন্দা। মা ও বড় ভাইয়ের সঙ্গে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করত সে। বাবা ইসমাইল হাওলাদার তাদের ফেলে খুলনায় থাকেন বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রামের রহমান তালুকদারের বাড়িতে নারিকেল পাড়তে যায় মাহিন। এ সময় ঘটে এমন দুর্ঘটনা।
মাহিনের বড় ভাই রাজু হাওলাদার বলেন, বাবা আমাদের রেখে খুলনায় থাকেন। পরে আমরা গোলবুনিয়া আবাসন পল্লীতে এসে বসবাস শুরু করি। মাহিন একসময় পড়াশোনা করত। সংসারের অভাবের কারণে মানুষের বাড়ির নারিকেল, সুপারি পাড়ার কাজ করত।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার বলেন, মাহিন নামে কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে পথেই তার মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, ‘গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




