বাজারের নাম নিয়ে সংঘর্ষে নিহত ২, ট্রেন বন্ধ ৭ ঘণ্টা

সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল দুই দল গ্রামবাসী। এতে প্রাণ গেছে মাসুদ মিয়া (৪০) ও হিরন মিয়া (২৫) নামে দুজনের। নিহত মাসুদ উপজেলার মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পাঁচ কন্যাসন্তানের জনক ও পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। গুরুতর আহত হন একই গ্রামের হিরন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ছাড়া আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন উভয়পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি।
গতকাল সোমবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামে লোকজনের মধ্যে ঘটে এই সংঘর্ষ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে কিছুদিন পরপর দুই গ্রামবাসীর মধ্যে ঘটছে সংঘর্ষ। এরই জের ধরে গতকাল সকাল ৮টার দিকে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিপক্ষের টেঁটার আঘাতে নিহত হয়েছেন মাসুদ ও হিরন।
মিরারচর গ্রামের হাবিব মিয়ার ভাষ্য, আকবরনগর গ্রামের লোকজন পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করে। যদিও অভিযোগ অস্বীকার করে আকবরনগর গ্রামের রাজিব মিয়ার দাবি, মিরারচর গ্রামের লোকজনই আগে তাদের ওপর হামলা করে। এদিকে সকাল ৮টা থেকে শুরু হওয়া সংঘর্ষ দুপুর ১টা পর্যন্ত চলে। এ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ভৈরব স্টেশনে আটকা পড়ে এবং ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস কুলিয়ারচর স্টেশনে আটকা পড়ে। চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। অবশেষে বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার মো. ইউসুফ।
সংঘর্ষের তথ্য নিশ্চিত করে ভৈরব থানার পরিদর্শক লিমন বোস জানালেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।




