মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮

সংগৃহীত ছবি
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিকদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সাতজন বালু উত্তোলনকারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ড্রেজার ও বাল্কহেডের মালিকদের মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সাতজন বালু উত্তোলনকারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক আটজনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড আরও জানায়, আটক ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



