শ্রীমঙ্গল স্টেশনে ট্রেনের অপেক্ষায় সময় কাটবে বইয়ে

শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে যুক্ত হলো নতুন বই— সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে স্থাপিত পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই সরবরাহ করেছে শ্রীমঙ্গল পৌরসভা। আজ মঙ্গলবার বিকালে রেলস্টেশনের পাঠক কর্নারে এসব বই দেওয়া হয়।
ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী ও সাধারণ মানুষ যাতে অবসর সময়ে বই পড়ার সুযোগ পান, সে লক্ষ্যেই পাঠক কর্নারটি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এখানে বিভিন্ন ধরনের নতুন বই যুক্ত করা হচ্ছে। সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি ও বিজ্ঞানসহ নানা বিষয়ের বই পাঠক কর্নারে রাখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্টরা।
পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান আগামীর সময়কে বলেছেন, ‘রেলস্টেশনে অপেক্ষমাণ যাত্রী ও স্থানীয় সাধারণ মানুষের অবসর সময়কে জ্ঞানচর্চায় কাজে লাগানো এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই পাঠক কর্নারটি চালু করা হয়েছে। অপেক্ষার সময় মানুষ যেন বই পড়ে আনন্দের পাশাপাশি জ্ঞান অর্জন করতে পারেন, সেটিই এ উদ্যোগের মূল লক্ষ্য।’
তিনি জানান, পর্যায়ক্রমে পাঠক কর্নারে বিভিন্ন ধরনের নতুন বই যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে শ্রীমঙ্গল রেলস্টেশনে একটি সুন্দর ও জ্ঞানভিত্তিক পাঠচর্চার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি স্থানীয় মানুষ, শিক্ষার্থী ও যাত্রীদের বই পড়ায় উৎসাহিত করা হবে।







