বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছেন বিএনপি সভাপতি, অভিযোগ প্রবাসীর

সংগৃহীত ছবি
বাড়ি নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন আমেরিকা প্রবাসী শাহিন মিয়া। নির্মাণকাজ বন্ধ করে দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন তার ছেলে সানি আলম শ্রাবণ।
মামলায় হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম কামালকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার বাদী শাহিন মিয়ার ছেলে সানি আলম শ্রাবণের অভিযোগ, গত ১৬ আগস্ট হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারের দত্তপাড়া এলাকায় তাদের ক্রয়সূত্রে মালিকানাধীন জমিতে বাড়ি নির্মাণের সময় কামালসহ কয়েকজন সেখানে গিয়ে কাজে বাধা দেন। এ সময় মারধর, প্রাণনাশের হুমকি এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা।
হাসনাত ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি হতে না দেওয়ার হুঁশিয়ারি
২৯ আগস্ট ২০২৬
শাহিন মিয়া বলেছেন, ‘জমিটি ক্রয়সূত্রে আমার মালিকানাধীন এবং বৈধ কাগজপত্র রয়েছে। আমেরিকা যাওয়ার আগে নির্মাণকাজে বাধা না দেওয়ার জন্য কামালকে প্রথমে ৫০ হাজার ও পরে ১ লাখ টাকা দিয়েছি। এরপরও নির্মাণকাজ বন্ধ করার চেষ্টা এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে।’
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শামসুল ইসলাম কামাল। তিনি বললেন, ‘জমিটি বিরোধপূর্ণ এবং ৩১ শতক জমির তিনজন ওয়ারিশ রয়েছেন। একজন ওয়ারিশের কাছ থেকে পুরো জমি রেজিস্ট্রি নেওয়া হয়েছে। বিষয়টি মীমাংসার জন্যই সেখানে গিয়েছিলাম। আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’
বাদীপক্ষের দাবি, বিষয়টি নিয়ে থানায় গেলে মামলা নেওয়া হয়নি। পরে আদালতে গেলে অভিযোগ আমলে নিয়ে থানায় এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন বিচারক।
মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। এটি জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে করা মামলা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।








