উখিয়া
পাহাড়ের পাদদেশ থেকে বুলেটপ্রুফ ভেস্ট ও অস্ত্রের সরঞ্জাম

সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে চারটি বুলেটপ্রুফ ব্যালিস্টিক আর্মর, চাইনিজ কুড়াল ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে অভিযানের খবর পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে দাবি করেছে এসআরবি।
এসআরবি জানিয়েছে, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে নলবুনিয়াপাড়া এলাকায় জনৈক ফরিদ আলমের বসতবাড়ির সামনে পাহাড়ের পাদদেশে অভিযান চালায়। অভিযানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি বুলেটপ্রুফ ব্যালিস্টিক আর্মর, একটি চাইনিজ কুড়াল, একটি বোল্ট কাটার এবং একটি লোহার তৈরি রেত উদ্ধার করা হয়।
এসআরবির দাবি, অভিযানের বিষয় টের পেয়ে দুষ্কৃতকারীরা কৌশলে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধার করা বুলেটপ্রুফ আর্মর ও অস্ত্র তৈরির সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ ম ফারুক।



