বকশীগঞ্জ
মেয়েদের জমি লিখে দেওয়ায় বৃদ্ধার ঘরে আগুন, পুড়ল ২ লাখ টাকা

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে এক বৃদ্ধার বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টিনের দুচালা ঘর, জমি বিক্রির ২ লাখ টাকা, আসবাবপত্র ও গৃহস্থালির মালামাল পুড়ে গেছে।
ভুক্তভোগীর দাবি, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার সৎ ছেলে ও নাতিরা এ ঘটনা ঘটিয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
রবিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ থানায় সৎ ছেলে শাজাহান, নাতি সাইফুল, আমিনুল হকসহ আটজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন বৃদ্ধা নুরেদা বেগম (৬০)।
নুরেদা বেগম জানান, তিনি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এ সময় তার অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা বসতঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরটি পুড়ে যায়। ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্রও আগুনে পুড়ে যায়।
বৃদ্ধা নুরেদা বেগম বলেন, আমার চার মেয়েকে জমি লিখে দেওয়ায় আমার সৎ ছেলে ও সৎ নাতিরা ক্ষুব্ধ হয়। সম্পত্তি না পাওয়ায় দীর্ঘদিন ধরে আমাকে মারধর ও বাড়ি থেকে বিতাড়িত করার হুমকি দিয়ে আসছিল তারা। এর জের ধরেই তারা আমার বসতঘরে আগুন দিয়েছে। আমি এর বিচার চাই।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, এ ঘটনার সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।






