ডিমলা
তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
নীলফামারীর ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।আজ সোমবার সকাল ১০টায় উপজেলার নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকড়া গ্রামে সেচ ক্যানেলে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন- নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার (১২) ও একই ইউনিয়নের নিজ পাড়া (সোনামনির ডাঙ্গা) গ্রামের সেলিমের মেয়ে মিনহা আক্তার (৪)। তারা সম্পর্কে খালা ভাগ্নি।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় তারা দুজনে সেচ ক্যানেলে গোসল করতে যায়। এ সময় সেচ ক্যানেলের পানিতে মিনহা ডুবে গেলে তার খালা পাখি আক্তার তাকে উদ্ধার করতে পানিতে নামলে সেও পানিতে ডুবে যায়। তাদের চিৎকারে পথচারী এক ব্যক্তি দেখতে পেয়ে সেও চিৎকার করলে আশপাশের ব্যক্তিরা ছুটে এসে তাদের উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।






