চকরিয়া
সড়ক দুর্ঘটনায় আহতের ৭ দিন পর মৃত্যু

মৃত এহেসানুল কবির
কক্সবাজারের চকরিয়ায় গাড়ির ধাক্কায় আহত হওয়ার এক সপ্তাহ পর এহেসানুল কবির (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার সন্ধ্যায় তার ব্যবহৃত মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এহেসানুল চকরিয়া পৌরসভার তরচঘাট সিকদারপাড়া এলাকার মৃত জিয়াবুল কবির চৌধুরীর ছেলে। তিনি একটি টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।
জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় অফিসের কাজ শেষে ফিরছিলেন এহেসানুল। তার ব্যবহৃত মোটরসাইকেলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার মাতামুহুরী ব্রিজ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ম্যাজিকগাড়ি ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এরপর তার শারীরিক জটিলতা দেখা দিলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার মৃত্যু হয়।
চিরিংগা হাইওয়ে থানার ওসি মো. আরিফ উদ্দিন বলেছেন, ‘দুর্ঘটনায় আহতের পর হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’




